ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচটি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এর ফলে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছে সংস্থাটি।
পার্ক ও মাঠগুলো হচ্ছে— বনানী পূজা মাঠ, বনানী সি ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক।
শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘পরম্পরা’ অনুষ্ঠানে ৩ অক্টোবরের মধ্যে পার্ক ও খেলার মাঠের সব অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে এগুলোর আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল।
বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়, বনানী সি ব্লক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন ও অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপন করা হয়েছিল। এছাড়া মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশা গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ স্থাপন করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ চারটি পার্ক ও খেলার মাঠের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।
মোহাম্মদপুর উদয়াচল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে শনিবার (৩ অক্টোবর) ডিএনসিসি উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করেছিল। এই পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর এবং খেলোয়াড়দের থাকার ঘর করা হয়। উচ্ছেদ কর্মসূচির কথা জানতে পেরে অবৈধ দখলদাররা ইতোমধ্যে উদয়াচল পার্কে থাকা সব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করছে। শতকরা ৭৫ ভাগ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডিএনসিসি।








