ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘শহরের মধ্যে ব্যবসা করবেন কিন্তু কোনও রকম পারমিশন নেবেন না, সেটা আর হবে না।’
রবিবার (৪ অক্টোবর) উত্তরায় জসীম উদ্দিন মোড় থেকে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মেয়র একথা বলেন।
উত্তরায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মেয়র আতিকুল ইসলাম নিজেও অংশ নিয়ে অভিযানের তদারকি করছেন।
মেয়র বলেন, ‘বারবার আমরা নোটিশ দিয়েছি। তারপর অনেকে অবৈধ বিলবোর্ড, সাইন বোর্ড লাগিয়ে রেখেছেন। শহরের মধ্যে ব্যবসা করবেন কিন্তু কোনও রকম পারমিশন নেবেন না, সেটা আর হবে না। সিটি করপোরেশনের আইন তোয়াক্কা না করে আপনারা ব্যবসা করে যাচ্ছেন। এই শহরে ব্যবসা করতে হলে একটা নিয়মের মধ্যে আসতে হবে। আপনাদের বারবার বলা হয়েছে, তবুও শুনছেন না। যারা সিটি করপোরেশন আইন মানছেন না তাদের বিরুদ্ধে আমারা অবশ্যই ব্যবস্থা নেবো। নির্মাণাধীন ভবনের সামনে রাস্তা বা ফুটপাতে ইট বালু, রড যা পাবো আমরা কিন্তু তা জব্দ করে তাৎক্ষণিক নিলাম করে দেবো।’








