জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেছেন সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি আচরণবিধি লংঘন করে জামালপুরে অবস্থান করে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন।
শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি জামালপুরে বসে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এতে নির্বাচন প্রভাবিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, তার পক্ষে প্রচার কাজে জড়িত ১০৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনই নেতা-কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের প্রচার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হয়রানি করা হচ্ছে।

এছাড়া পৌর নির্বাচনে প্রশাসন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, মিথ্যা মামলায় তার নেতাকর্মীদের গ্রেফতার, নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগসহ তার কর্মীদের নির্বাচনি কাজে বাধা দেওয়া হচ্ছে। তিনি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান, সাইদুর রহমান খোকা, শহিদুল হক খান দুলাল, মওলানা মশিউর রহমান, শফিউর রহমান শফি ও মাইনুদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের চাচা।
/টিএন/








