গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সবার জন্য মানসম্মত আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) ইউএন হ্যাবিটাট ঘোষিত বিশ্ব বসতি দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ভিশন ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সর্বোপরি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।’
তিনি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সঙ্গে জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা থেকে দফতরের প্রধানরা জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।








