নারীর প্রতি নৃশংসতার নিন্দা ও প্রতিবাদ আসকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৭:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২৩:৩৬

আইন ও সালিশ কেন্দ্র (আসক) নোয়াখালীর বেগমগঞ্জে নারীর প্রতি চরম নৃশংসতার ঘটনায় তীব্র নিন্দা এবং এই ধরনের ঘটনার প্রতিরোধ ও প্রতিকারের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মো নূর খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে তার ওপর বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। একমাস দু’দিন পর ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। আসক বর্বরোচিত নারী নির্যাতনের এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। একইসঙ্গে আসক এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ নির্যাতিত নারী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং মানসিক সেবা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন এলাকায় নারী নির্যাতনের এ নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, তার সেকেন্ড ইন কমান্ড বাদল এবং তাদের সহযোগী রহিম, সুমনসহ ৫-৬ জন ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ঘটনাটির ভিডিওচিত্র ধারণ করে। উল্লেখিত নারী তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় নির্যাতনের ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনার বিষয়ে জানতে পারে এবং এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত দেলোয়ারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার নারীকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

একটি জাতীয় দৈনিককে স্থানীয় একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ জানান, ঘটনার পর ওই গৃহবধূ নির্যাতনের ঘটনা জানাতে তার কাছে গিয়েছিলেন। তবে কারা তাকে নির্যাতন করেছেন, তা তিনি বলেননি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসক গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, নোয়াখালীর বেগমগঞ্জের এই ঘটনাটিসহ সম্প্রতি নারীর প্রতি নির্মম সংহিসতার ঘটনা বেড়েই চলেছে। প্রায়ই এসব ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের সমর্থক ও স্থানীয় প্রভাবশালীরা সম্পৃক্ত থাকছেন। আসক মনে করে, উক্ত ঘটনাটি স্থানীয় একজন জনপ্রতিনিধি জানার পরও তা কীভাবে একমাস ধরে পুলিশ প্রশাসনের অজানা থাকে সেটি জনমনে প্রশ্নের উদ্রেক করে। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত যে, স্থানীয় জনপ্রতিনিধি দোষীদের চিহ্নিত করা, আইনি ব্যবস্থা গ্রহণ ও নির্যাতিত নারীর নিরাপত্তা নিশ্চিত করার কোনও প্রচেষ্টা গ্রহণ করেননি। পাশাপাশি আসক মনে করে, সরকার নিজেকে বিভিন্ন সময়ে নারীবান্ধব হিসেবে দাবি করলেও বাস্তবে সমাজ ও রাষ্ট্র নারীর জন্য ক্রমশ চূড়ান্তভাবে অনিরাপদ আর বসবাস অযোগ্য হয়ে পড়ছে। নারীর প্রতি এমন বিভৎস ঘটনা সভ্য দেশ হিসেবে নিজেদের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। নারী অধিকার রক্ষায় স্বাধীনতা পরবর্তী সময়ে যেসব অর্জন হয়েছে সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে বলে আসক আশঙ্কা করছে। আসক সরকারের কাছে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য বিদ্যমান ব্যবস্থাগুলো সুক্ষ্মভাবে পর্যালোচনা করে জোরালো প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম