ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সমাজে যার মর্যাদা যেভাবেই চিহ্নিত করা হোক, শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত। শিক্ষকরা কেবল চাকরি বা রুটিন কাজ করেন তা নয় । তারা মানবসম্পদ তৈরির কারিগর।
মন্ত্রী সোমবার (৫ অক্টোবর) ঢাকায় এক ওয়েবিনারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন জাতীয় শিক্ষক দিবস-২০২০ উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের গুরুত্ব উল্লেখ করে বলেন, চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম ও কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল কনটেন্ট দরকার। সংকট মোকাবিলায় আগামী দিনের প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। কারণ, আমাদের লক্ষ্য চতুর্থ শিল্প বিপ্লবে সক্ষমতা অর্জন করা। আমাদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের ক্ষমতায়নের জন্য যা যা করণীয় তা করতে হবে। শিক্ষার জন্য খরচকে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখতে হবে। তারা বলেন, শিক্ষায় তৃণমূলকেও গুরুত্ব দিয়ে শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি বিটরিক কালডান ও গণসাক্ষরতা কর্মসূচির ড. এনামুল হক বক্তৃতা করেন।








