রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সামরুল হক (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরআগে রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ফরিদ আহমেদ জানান, সাহারুল চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিকশা নেন। পরে আরামবাগ গ্রিনলাইন বাস কাউন্টারের সামনে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত সামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। আর আহত রিকশাচালককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে।
নিহত সামরুলের ভগ্নিপতি রিপন জানান, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ইসলাম খানের সন্তান সামরুল। বর্তমানে উত্তরা ১০ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭ নম্বর বাসায় পরিবার নিয়ে তিনি থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।








