সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ধর্ষকদের বিচারের দাবিতে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পরে মাঝ রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।
উত্তরা ইউনিভার্সিটির শির্ক্ষাথী রাবেয়া সুলতানা বলেন, 'ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি। চারিদিকে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তবুও কেন সংশ্লিষ্টরা নীরব হয়ে বসে আছেন। আমরা প্রত্যেকটি নারী নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচার চাই। যতদিন পর্যন্ত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।'
একই শিক্ষা প্রতিষ্ঠানের নাজমুল হাসান বলেন, 'মধ্যযুগীয় কায়দায় যেভাবে নারীদের নির্যাতন করা হচ্ছে। পুরুষ হিসেবে আমরা লজ্জিত। একটি ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতো, তাহলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সাহস করতো না কেউ।'
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। যার ফলে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট তৈরি হয়েছে।
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বাংলা ট্রিবিউনকে বলেন, 'মহাসড়ক ছেড়ে শিক্ষার্থীদের অনুরোধ করেছি। যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। যত দ্রুত সম্ভব চেষ্টা করছি রাস্তা ফাঁকা করে দেওয়ার।'








