দুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে দুদকের দুই কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত। সাক্ষ্য প্রদানকারীরা হলেন দুদকের সহকারী পরিচালক আজিজুল হক ও দুদকের আরেক কর্মকর্তা আলিমুজ্জামান শেখ। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মামলায় এখন পর্যন্ত ১৭ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে গত ১৮ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
উল্লেখ্য, এই বছরের ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা এ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। গত ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়।
গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন।








