অবৈধ স্থাপনা ও ক্যাবল উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সকালে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ী পার্কের সামনের পাকা রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রাস্তার ওপর গড়ে ওঠা ১২টি অস্থায়ী টং দোকান উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
একই সময়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বংশাল চৌরাস্তা থেকে বংশাল নতুন রাস্তা পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকার ইলেকট্রিক পোল থেকে অবৈধ কেবল অপসারণ করেন। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফুলবাড়িয়া মার্কেট থেকে বঙ্গবাজারের কোনায় অবস্থিত ফায়ার সার্ভিস পর্যন্ত রাস্তা দখল করে থাকা অবৈধ অস্থায়ী দোকানিদের তুলে দেন।








