পাঠকদের কাছে আরও দ্রুত গতিতে নির্ভুল ও তথ্যবহুল সংবাদ পৌঁছে দিতে নব উদ্যমে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। প্রতিদিনের প্রতিটি প্রধান ঘটনার সংবাদ পরিবেশনের পাশাপাশি আরও বেশি অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশের উদ্দেশ্যে বাংলা ট্রিবিউনের আঙ্গিকেও আনা হয়েছে পরিবর্তন। এর ফলে এখন থেকে বাংলা ট্রিবিউন এগিয়ে যাবে নতুন প্রত্যয়ে।
রবিবার দুপুরে বাংলা ট্রিবিউন কার্যালয়ে পরিবর্তিত পোর্টালের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।
এদিন দুপুরে কেক কেটে পরিবর্তিত পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকাশক কাজী আনিস আহমেদ। এসময় নির্বাহী সম্পাদক জুলফিকার রাসেল, প্রধান বার্তা সম্পাদক হারুন উর রশিদসহ প্রতিষ্ঠানের সহকর্মীরা উপস্থিত ছিলেন। কাজী আনিস আহমেদ পরে বাংলা ট্রিবিউনের সব সংবাদকর্মীর সঙ্গে মতবিনিময় করেন। নুতন বছরে বাংলা ট্রিবিউনের কর্মপরিকল্পনা নিয়েও দিক নির্দেশনা দেন তিনি।
এসময় কাজী আনিস আহমেদ বলেন, আঙ্গিক পরিবর্তনের ফলে বাংলা ট্রিবিউন আরও বেশি পরিচ্ছন্ন রূপে আত্মপ্রকাশ করেছে। বাংলা ট্রিবিউন প্রতিযোগিতামূলক ভাবে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এসেছে। তিনি বলেন, বাংলা ট্রিবিউনের সম্পাদকীয় নীতিমালা যথেষ্ট স্বাধীন সেকারণে অনেক বেশি অনুসন্ধানী ও ভিন্নধর্মী খবর প্রকাশে সক্ষম হচ্ছে। ২০১৬ সালে বাংলা ট্রিবিউন অনেক দূর এগিয়ে যাবে এবং খুব দ্রুত এটি সব পাঠকের কাছে গ্রহণযোগ্য প্রধানতম নিউজ পোর্টাল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বজুড়েই গণমাধ্যম নানামুখী চাপের শিকার হয়।এরমধ্যেই বাংলা ট্রিবিউন আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবে বলেও আশা প্রকাশ করেন কাজী আনিস আহমেদ। তিনি বলেন, বছরজুড়েই নানা বিষয়ে আলোচনা হয়, আলোচনা হবে। বাংলা ট্রিবিউন শুধু আলোচনার মধ্যে না থেকে গভীরে অনুসন্ধান করে মূল ঘটনা প্রকাশ করবে। প্রচলিত ধারণার বাইরে এসে মানুষের উপযোগী প্রতিবেদন প্রকাশ করবে।
/সিএ/টিএন/








