রাজধানীর দারুস সালাম এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল মাতব্বরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে তার বিরুদ্ধে দুই মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। রবিবার (৮ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কারাগার থেকে জলিল মাতাব্বরকে আদালতে হাজির করা হয়।
১৯ ফেব্রুয়ারি দারুসসালাম থানা এলাকা থেকে জলিল মাতব্বরকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তাকে গোপালগঞ্জে বদলি করা হয়েছিল।
মামলায় সূত্র থেকে জানা যায়, এসআই আবদুল জলিল মাতব্বর তার বিভিন্ন জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়েছিলেন। পার্সেলটি দারুস সালামে কুরিয়ার সার্ভিসের অফিসে থাকার সময় তা থেকে মাদকের গন্ধ ছড়াতে থাকে। ভেতরে নিষিদ্ধ সামগ্রী থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় কুরিয়ার কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। দারুস সালাম থানা-পুলিশ গিয়ে পার্সেল খুলে ইয়াবা, ২৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করে।








