প্রকল্পের টাকা যেন উইপোকায় খেতে না পরে সেজন্য কাউন্সিলরদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমাদের কোনও প্রকল্পের টাকা নয়-ছয় হোক বা উইপোকায় খেয়ে যাক তা চাই না। প্রকল্পের অর্থ যেন শতভাগ সেই প্রকল্পের জন্য খরচ হয়, এটা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।’
সোমবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ বিষয়ে নবগঠিত সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, প্রকল্পের অর্থ উইপোকায় খায়। আমি চাই না কোনও প্রকল্পের টাকা কোনও উইপোকায় খেয়ে যাক, এটা হতে দেবো না।’
তিনি বলেন, ‘এর আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলেও শহরের দরিদ্ররা অনেক সেবা থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষের এগিয়ে নিতে চাই। আমরা আগামীতে নগরে বসবাসরত দরিদ্রের হার ১০ শতাংশের নীচে নামিয়ে আনতে চাই।’
সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সভাপতিত্বে এলআইইউপিসি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ইয়োগেশ প্রাধানাং এবং ইউকেএইড ঢাকা অফিসের সোশ্যাল ডেভেলপমেন্ট এডভাইজার আনোয়ারুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।








