বিএসটিআই’র লোগোর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। কিউআর কোড বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মো নজরুল আনোয়ার।
বিএসটিআই’র সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে সোমবার (১৬ নভেম্বর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল আনোয়ার বলেন, ‘বিদ্যমান পণ্যের গায়ে বিএসটিআই’র লোগো সঠিক কিনা, তা ভোক্তারা যাচাই করতে পারেন না। কিন্তু কিউআর কোড বাস্তবায়িত হলে যে কোনও ক্রেতা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিএসটিআই’র লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এর ফলে সাধারণ ক্রেতারা অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা পাবেন।’
তিনি আরও বলেন, ‘বিএসটিআই’র সেবাকে জনবান্ধব ও বিশ্বমানের করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আরও ৪৬টি নতুন ল্যাবরেটরি স্থাপন, ১৩টি আঞ্চলিক অফিসের পাশাপশি ৬৪ জেলায় বিএসটিআই’র অফিস স্থাপন, প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের বিদ্যমান ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো তাহের জামিল, পরিচালক (মেট্রোলজি) মো. আব্দুল মান্নান, পরিচালক (সিএম) সাজ্জাদুল বারী, পরিচালক (মান) নিলুফা হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এসিআই লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।








