বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ এবং অসঙ্গতি দূর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা ছয়দিনের কর্মবিরতির দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।
শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, আগামী শনিবার (২ জানুয়ারি) পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। এক ধরনের অঘোষিত ছুটির পরিবেশ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে।
তবে বাংলা, গণিত, পদার্থ বিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে পূর্বঘোষিত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, প্রশাসনিক কার্যক্রম যথারীতি সচল রয়েছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত কার্যক্রম ও শিক্ষক সমিতির নির্বাচনি কার্যক্রম পুরোদমে চলছে।
এর আগে গত রবিবার দুপুরে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষক সমিতি। ওইদিন শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রীকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া আগামী ৩ জানুয়ারি জাবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে জাবি শিক্ষক সমিতি পৃথকভাবে আন্দোলনের ঘোষণা দেবে বলে জানানো হয়।
/এসএম/এফএস/








