মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে রাজধানীর ফকিরাপুল থেকে এমএইএইচ ট্রেডিং ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেল এজেন্সির মালিকসহ পাচারকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। র্যাব ৩ এর অপারেশন অফিসার রবিউল করীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিন নারীর অভিযোগের ভিত্তিতে ওই ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয়। এসময় দালালসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এক নারীকে হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এই চক্রটি সৌদি আরবে পাঠায়। সেখানে ওই নারী যাওয়ার পর তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করতে মারধর করা হয়। এসময় ওই নারী দেশে খবর দেয়। চক্রটি এসময় তার পরিবারের কাছ থেকে আরও এক লাখ টাকা মুক্তিপণ নেয়। এরপর তাকে দেশে ফেরায়। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে এই ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয়।’
রবিউল করীম আরও বলেন, ‘এখন পর্যন্ত তিন নারী অভিযোগ করেছেন। এছাড়া এক নারী জানিয়েছেন- তার মেয়েকে ৩ লাখ টাকার বিনিময়ে জর্দান পাঠিয়েছে। কিন্তু বর্তমানে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা তার বিষয়েও খোঁজ-খবর নিচ্ছি।’
রাজীব ও মকবুল নামে দুই ব্যক্তি এই পাচারচক্রের প্রধান বলেও জানান তিনি।
/এআরআর / এএইচ /








