পৌর নির্বাচন পর্যবেক্ষণে নেই বিদেশিরা

এমরান হোসাইন শেখ
২৯ ডিসেম্বর ২০১৫, ২০:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২০:২৩
image

পৌর নির্বাচন পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে নেই কোনও বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান। ঢাকাস্থ কোনও দূতাবাস বা হাইকমিশন থেকেও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করা হয়নি। তবে, এশিয়া ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষণের আবেদন করলেও এখন পর্যন্ত তার অনুমোদন মেলেনি। এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন(ইসি) দেশীয় ২৯টি বেসরকারি সংস্থাকে অনুমোদন দিয়েছে। এসব সংগঠনের চার সহস্রাধিক প্রতিনিধি পৌর নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন ও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচন বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যবেক্ষণ করে। সেই অভিজ্ঞতার আলোকে কমিশন ধরে নিয়েছিল- উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ৩০ ডিসেম্বরের এই পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এবার প্রথমবারের দলীয়ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অংশ নেওয়ায় বিদেশিদের আগ্রহ থাকবে এটাই কমিশন মনে করেছিল। সেই অনুযায়ী কমিশন প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু শেষপর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণে কোনও বিদেশি সংস্থার আবেদন না পাওয়ায় কমিশন খানিকটা হতাশ হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি— এসব দূতাবাস, ইউএনডিপি ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ১৫০ জন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসব দেশ বিরত থাকলেও ওই নির্বাচনের পরের মাসেই অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান দূতাবাস পর্যবেক্ষক নিয়োগ করে। উপজেলা নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনাসহ মোট ৫৪ জন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইও ওই নির্বাচনে ছয়জন পর্যবেক্ষক নিয়োগ করে। জাপানও নির্বাচন পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনও বিদেশিদের পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় এরইমধ্যে শেষ হয়ে গেছে। তবে আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসগুলোর জন্য এ বিষয়ে কোনও সময়সীমা নির্ধারিত নেই।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, পর্যবেক্ষণের অনুমতি চেয়ে এশিয়া ফাউন্ডেশন নামে একটি সংস্থার আবেদন আমরা পেয়েছি। বিষয়টি যাচাই করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোনও জবাব পাইনি।

এদিকে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনাগ্রহ সম্পর্কে সচিব বলেন, স্থানীয় সরকারের নির্বাচন হওয়ায় বিদেশিদের আগ্রহ একটু কম থাকারই কথা। আর আমরাও নিজেদের থেকে কোনও বিদেশিকে আমন্ত্রণ জানাইনি। দলীয়ভিত্তিতে নির্বাচন হওয়ায় আমরা আশা করছিলাম বিদেশি পর্যবেক্ষক আসতে পারে। তবে, কোনও বিদেশি পর্যবেক্ষক না থাকায় কমিশনের হতাশার কোনও কারণ নেই।

দেশীয় পর্যবেক্ষক ৪ সহস্রাধিক

বুধবারের পৌরসভা নির্বাচনের জন্য ২৯টি বেসরকারি সংস্থার ৪ হাজার ২০৭ জন পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর মধ্যে ৭টি সংস্থার ১১৮ জন পেয়েছেন কেন্দ্রীয়ভাবে অনুমোদন। বাকিরা স্থানীয় পর্যায় থেকে অনুমতি পেয়েছে।

কমিশন থেকে জানা গেছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ ৫০ জন, ওয়েভ ফাউন্ডেশন ১১০ জন,বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাসপ ৬৬ জন, ডেমোক্র্যাসিওয়াচ ২০৮ জন, মানবিক সাহায্য সংস্থা ৪৮ জন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ১ হাজার ১৭০ জন, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওসুস ১১০ জন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ৬০৫ জন, ফেমা ১৬০ জন, ব্রতী ২৯৪ জন, গণকল্যাণ সংস্থা-জিকেএস ১২৫ জন, খান ফাউন্ডেশন ৯০ জন, রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস-আরডিএ ২৪০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি-বিডিএস ৭৩ জন, নবলোক ১১ জন, উত্তরণ ৩৯ জন, কোস্ট ট্রাস্ট ২৬ জন, লাইট হাউজ ১২৫ জন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি ১০০ জন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি ১৪৭ জন, সলিডারিটি ৫১ জন, বাঁচতে শেখা ১৩ জন, রাইটস যশোর ১৮ জন, রূপান্তর ১৮ জন, ডাক দিয়ে যাই ২১ জন, জাগোরনী চক্র ফাউন্ডেশন ৩৭ জন, অ্যাসোসিয়েশন ফর কো অরডিনেট অপারেশন ইন রুরাল ডেভেলপমেন্ট-অ্যাকর্ড ২০ জন ও ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি ২৫ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে কমিশন জানিয়েছেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম