যশোরের চৌগাছা পৌরসভার জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাস্টার কামাল আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যশোর কারাগার থেকে মুক্তি পান।
২৬ নভেম্বর তিনি মেয়র পদে মনোয়নপত্র জমাদানের উদ্দেশে সোনালী ব্যাংকে টাকা জমা দেন। ওই দিনই সন্ধ্যায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি নাশকতার মামলা দায়ের হয়। পরে ১৭ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের আগে তিনি সাংবাদিকদের জানান, মেয়র পদে নির্বাচন করার কারণেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলাটি করিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচনের মাঠে ছিলাম, আছি থাকব। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের সমর্থন নিয়ে মেয়র পদে বিজয়ী হব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, চৌগাছা পৌরসভায় এবার মেয়র পদে আওয়ামী লীগের নূরউদ্দিন আল মামুন হিমেল নৌকা প্রতীক, সাইফুর রহমান বাবুল (বিদ্রোহী প্রার্থী) নারকেল গাছ এবং বর্তমান মেয়র বিএনপির সেলিম রেজা আওলিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।
/আরএ/








