ফেরদৌস ওয়াহিদের ভাইয়ের বাড়ির উইল বিষয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৮

সুপ্রিম কোর্ট সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের বাড়ি উইল করার বিষয়ে আইনি মতামত দেওয়ার জন্য চার আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন— সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, কামাল-উল-আলম, মো. নুরুল আমিন ও কামরুল হক সিদ্দিকী।

এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জগলুল ওয়াহিদের দুই মেয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। জগলুল ওয়াদের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২’ অনুসারে কোনও মুসলিম ব্যক্তি কোনও হিন্দু নারীকে বিয়ে করতে পারেন কিনা এবং সেই স্ত্রীকে জগলুল ওয়াহিদের সম্পূর্ণ বাড়ি উইল করার আইনগত ভিত্তি রয়েছে কিনা, এসব বিষয়ে মতামত প্রদানের জন্য চার জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১২ জানুয়ারি পরবর্তী আদেশের জন্য রেখে দুই বোনকে সে পর্যন্ত  নিরাপত্তা দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংকে মোস্তফা জগলুল ওয়াহিদের অ্যাকাউন্ট থাকলে এবং দুই পক্ষ কোনও স্টেটমেন্ট চাইলে সংশ্লিষ্ট ম্যানেজারকে তা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে সেসব স্টেটমেন্ট দুই পক্ষকে আদালতে দাখিল করতে এবং বিশেষ করে সিটি ব্যাংকের ফাইল আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজিকে তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসায় অনতিবিলম্বে প্রবেশ নিশ্চিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোড়দার করতে বলা হয়েছিল। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত  প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

প্রসঙ্গত, কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ কাঠা জমির ওপর বাড়িটি। গৃহকর্তার মৃত্যুর পর মালিকানা নিয়ে বিরোধের কারণে তার দুই মেয়ে অবস্থান নিয়েছেন বাড়ির সামনে। ওই দুই বোনের দাবি, বাড়ির দখল তাদের বাবার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের হাতে। তিনি কিছুতেই ওই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না। গত ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়।

মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া আর কেউ বাংলাদেশে নেই। মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা  বাড়িতে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

মুশফিকা গণমাধ্যমকে বলেছিলেন, ১৯৮৪ সালে তার বাবা মাকে নিয়ে গুলশানের এই বাসাতেই সংসার শুরু করেছিলেন। তাদের জন্ম এই বাড়িতে। ২০০৫ সালে তাদের মা–বাবার বিচ্ছেদ হয়।

পরে আঞ্জু কাপুর নামে এক ভারতীয়কে জগলুল ওয়াহিদ বিয়ে করেন। তিনি একাই এখন এই বাড়ির ভোগদখল করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম