প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। তবে জামায়াত-বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনে অংশ নিতে না পেরে বিএনপির সঙ্গে মিলে নিজেদের শক্তি কাজে লাগানোর চেষ্টা করছে জামায়াত।
নির্বাচন কমিশনে সাংবাদিকদের এই কথা বলেন এইচ টি ইমাম। সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাককে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভোট সুন্দরভাবে চলছে। কোনও ধরনের হস্তক্ষেপ বা প্রভাব নেই। স্বাধীনভাবে ভোট চলছে। বিএনপি ভোটে অনিয়মের কাল্পনিক অভিযোগ তুলেছে। আমরা এরকম করবো না। কোনও অসঙ্গতি হলে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ জানাবো।’
এইচ টি ইমাম বলেন, ‘সারাদেশের তিন হাজার ৫৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রাজশাহীর দূর্গাপুর, পাবনার সাথিয়া, দিনাজপুরের হাকিমপুর, গাইবান্ধায় বিএনপি জামায়াত শক্তিশালী। এসব স্থানে প্রশাসনের লোকজনও বাড়াবাড়ি করছে। কিছু কিছু জায়গায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গেছে। কোনও কোনও স্থানে জামায়াত-বিএনপির লাঠিয়াল বাহিনী পুরনো স্টাইলে হামলা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ইসি সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা সিইসির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তবে তিনি দেখা করতে মানা করেছেন। তারা পুরোপুরিই স্বাধীনভাবে কাজ করছেন।
/জেএ/এফএস/








