শোককে শক্তিতে পরিণত করে করোনাকালে শ্রমিকদের চাকরি, আয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত শোকসভায় এই আহ্বান জানানো হয়। স্কপ এর সাবেক যুগ্ম সমন্বয়কারী ফজলুল হক মন্টু, স্কপ নেতা শুক্কুর মাহমুদ, আব্দুল মুকিত খান, জাফরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, ইসরাফিল আলমসহ সম্প্রতি মৃত্যুবরণকারী শ্রমিক নেতাদের স্মরণে এই আয়োজন করা হয়।
শ্রমিকদের অধিকারসমূহ বাস্তবায়ন ও সুরক্ষিত করতে প্রয়াত শ্রমিক নেতাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে স্কপের নেতারা বলেন, করোনাকালে শ্রমিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারা চাকরি হারিয়েছে, তাদের আয় ও প্রকৃত মজুরি কমেছে।
তারা বলেন, রাষ্ট্রীয় শিল্পকারখানাসমূহ বেসরকারীকরণকে প্রতিরোধ করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা প্রয়াত শ্রমিক নেতাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারবো।
স্কপ এর বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হিমাংশু সাহা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি নূর মোহাম্মদ আকন্দ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল।








