বাংলাদেশে ডাচদের অর্থনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রথমবারের মত প্রস্তুতকৃত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত ‘নেদারল্যান্ড ইন বাংলাদেশ: ম্যাপিং দি গ্রাউন্ড ৫০ স্টিচিং পার্টনারশিপ’ এর মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও বিডা’র নির্বাহী চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবসা উন্নয়ন বিষয়ক দূত অনলাইনে যোগ দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যে, গত পাঁচ দশকে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের আস্থাশীল রাজনৈতিক এবং গভীরতর অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। বর্তমানে নেদারল্যান্ডস বাংলাদেশের চতুর্থ বৃহত্তম সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী উৎস দেশ এবং ইউরোপে বাংলাদেশি পণ্যের সপ্তম বৃহত্তম রফতানি গন্তব্য।
গতানুগতিক বিনিয়োগ সম্মেলনের পরিবর্তে ভিন্নধর্মী বিনিয়োগ সম্মেলন আয়োজন এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী দূতাবাসকে ধন্যবাদ জানান।








