ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ছিলেন একজন প্রথিতযশা উদ্ভিদবিজ্ঞানী ও গবেষক। তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে অধ্যাপনা করেছেন। উদ্ভিদ প্রজনন বিদ্যা ও জীবপ্রযুক্তি নিয়ে দেশ-বিদেশে তার অসংখ্য আন্তর্জাতিকমানের গবেষণা রয়েছে। অনেক গবেষণা পত্রিকার দক্ষ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া, তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাঙালি জাতিয়তাবাদের একজন শক্তিশালী ধারক ও বাহক। উদ্ভিদবিজ্ঞান শিক্ষা প্রসারে ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।








