শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত সহকারী শিক্ষক জাহাঙ্গীর সেলিমকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অবৈধ আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার (১৩ ডিসেম্বর) মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশটি স্থগিত করে রুল জারি করেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের তিন মাসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর সেলিমকে প্রধান শিক্ষক হিসেবে দ্বিতীয় দফা পুনর্বহালের নির্দেশনা দিয়ে গত ১৪ সেপ্টেম্বর আদেশ জারি করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
এর আগে ২০১৯ সালের ১ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে তাকে পুনর্বহাল করতে চিঠি দিয়েছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. দিদারুল ইসলাম। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর সেলিমের জাল কাগজপত্র জমা দিলে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুনর্বহালের ওই চিঠি স্থগিত করেন এই কলেজ পরিদর্শক। এসব ঘটনা তুলে ধরে বাংলা ট্রিবিউনে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
মামলা সূত্রে জানা গেছে, বরখাস্ত ও নিয়োগপত্র জাল করে প্রধান শিক্ষক দাবি করা প্রধান শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিয়ে আদেশ জারি করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের গত ১৪ সেপ্টেম্বরের ওই আদেশের বিরুদ্ধে সম্প্রতি রিট করেন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক উম্মে কুলসুম। ওই রিটের শুনানি শেষে রবিবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট বেঞ্চ শিক্ষা বোর্ডের ওই আদেশ স্থগিত করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সগীর হোসেন লিয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আদেশের ওপর তিন মাসের স্থাগিতাদেশ দেন এবং রুল জারি করেন। ‘








