দুবাইয়ে ভিজিট ভিসায় যেতে ইমিগ্রেশনের নামে এয়ারপোর্ট কন্ট্রাক প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক প্রতারক মনির খানকে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করলে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেদ জামিল।
সূত্র জানায়, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মনির খানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপি এলাকায় থেকে আটক করা হয়। আটক মনির যাত্রীকে ৬০ হাজার টাকার বিনিময়ে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করার প্রস্তাব দেন। এই কন্ট্রাক্ট করলে ইমিগ্রেশনে যাত্রীকে আর আটকাবে না বলেও আশ্বস্ত করে মনির খান। পরবর্তীতে যাত্রীর সহযোগিতায় তাকে আটক করে এএপি অফিসে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে আটক মনির জানান, জাহাঙ্গীর নামের এক ব্যক্তির অধীনে তিনি কাজ করেন। তিনি যাত্রী সংগ্রহ করে জাহাঙ্গীরের কাছে পাঠান।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ইমিগ্রেশনে অবৈধ মানব পাচার ঠেকাতে ভিজিট ভিসায় দুবাই যাওয়া যাত্রীদের অধিকতর যাচাই বাছাই করা হয়। কিন্তু একটি চক্র ইমিগ্রেশন পার করতে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে প্রতারণা করছে। এমন অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
অভিযুক্ত মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠালে ১৫ দিনের কারাদণ্ড দেওয় হয়।








