অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সংগঠনটির ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাওয়া ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়। ক্লাবের সদ্য গঠিত তত্ত্বাবধায়ক বডির আহ্বায়কের পক্ষ থেকে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ১৪ ডিসেম্বর সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালকের সই করা এক চিঠির মাধ্যমে রাওয়া ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদকে ১৫ ডিসেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে সেনা সদরের এসটি পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীরকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়কমণ্ডলী গঠন করা হয়।








