অবকাঠামো খাতের যেকোনও কোম্পানিকে শেয়ারবাজারে সরাসরি (ডাইরেক্ট লিস্টিং) তালিকাভুক্ত না করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী অবকাঠামো প্রকল্পের অর্থায়নে সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের গৃহীত ইক্যুইটি এক্সপোজারে তারল্য সৃষ্টি ও ঝুঁকি কমানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির জন্য করণীয় পদক্ষেপ নিতে বলেছিলেন।
বুধবার (১৫ ডিসেম্বর) অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লেখা চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গত ৮ সেপ্টেম্বরের চিঠির বিষয়ে কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
অপরদিকে একই ব্যক্তির সই করা বিএসইসির চেয়ারম্যানকে লেখা চিঠিতে বলা হয়েছে, লা মেরিডিয়ানে বিভিন্ন ব্যক্তির মালিকানার পরিমাণ ৫২ দশমিক ০১ শতাংশ। এছাড়া ৪৭ দশমিক ৯৯ শতাংশ মালিকানা রয়েছে প্লেসমেন্ট শেয়ার হোল্ডারদের। এর মধ্যে সরকারি চার ব্যাংকের মালিকানা ২৯ দশমিক ৫৮ শতাংশ। এই প্রেক্ষাপটে হোটেলটি কীভাবে সরকারি হয়?
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বরের চিঠির নির্দেশ পেয়ে বিধিবর্হিভূতভাবে লা মেরিডিয়ানকে সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয় ডিএসই। বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএসই’র পর্ষদ সভার আলোচনায় বিষয়টি স্থান পায়। তবে বিএসইসি’র হস্তক্ষেপে শেষ পর্যন্ত ডিএসইর পর্ষদ সভার আলোচনা থেকে বিষয়টি বাদ দেওয়া হয়।
বুধবার পাঠানো চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করতে বলা হয়।








