কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্প সচিব কেএম আলী আজম। রবিবার (২০ ডিসেম্বর) তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প সচিব বলেন, ‘কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের সেবা প্রদানসহ সার্বিক কর্মকাণ্ডের মানোন্নয়ন ঘটে। বিএসটিআই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।’
বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বলেন, ‘প্রতিটি উইংয়ের প্রয়োজনীয়তার নিরিখে প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। এই মডিউল অনুযায়ী ধাপে ধাপে প্রশিক্ষণ সমাপ্ত করতে প্রায় এক বছর সময় প্রয়োজন হবে। শিল্প মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন। প্রথম ব্যাচের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হলে পর্যায়ক্রমে আরও পাঁচটি ব্যাচকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও কোর্স পরিচালক মো. তাহের জামিল প্রমুখ।








