মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য। সোমবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিতে যাওয়া পুলিশের এই দলের ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এএনএফ মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ)-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. সাইফুজ্জামানের নেতৃত্বে ব্যানএফপিইউ-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. তওফিক মাহবুব চৌধুরী এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিমান বন্দরে বিদায় জানান।
উভয় ইউনিটের অগ্রগামী দলের ১৪০ সদস্য গত ৪ ডিসেম্বর (২০২০) মিশন এলাকায় গিয়েছেন। তারা নির্ধারিত কোয়ারেন্টিন শেষে বর্তমানে মিশনে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছে।








