ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে দিতে সরকারি কলেজ ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সোমবার (২১ ডিসেম্বর) সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয় সরকার। গত ১৮ সেপ্টেম্বর সরকারি স্কুল-কলেজ ও শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটের প্রকৃত চিত্র জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ২২ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৩৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা তার হালনাগাদ তথ্য চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কাছে। কিন্তু গত আড়াই মাসেও অধিদফতর হালনাগাদ তথ্য দিতে পারেনি।
গত ৬ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর পত্র দিয়ে আবারও তথ্য চায়। এতে বলা হয়, দেশের সকল সরকারি কলেজে ও ট্রেনিং ইনস্টিটিউটে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ৩৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা পৌঁছে দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছেনি এরূপ সরকারি কলেজ ও ট্রেনিং ইনস্টিটিউটের হালনাগাদ তালিকা জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি তালিকা পাওয়া যায়নি। এমতাবস্থায় জরুরিভিত্তিতে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এই নির্দেশের পর দেশের সব সরকারি কলেজ ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রধানদের কাছে তথ্য চেয়ে নির্দেশনা জারি করে।








