রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিন জনকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বনানীর আমতলী এলাকার জলখাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র্যাব-১০-এর একটি দল।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই রেস্তোরাঁয় প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের হস্তনির্মিত একটি মূর্তি পাওয়া যায়। উদ্ধার করা কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।
পাচারকারী সন্দেহে গ্রেফতারকৃতরা হলো, মো. আলাউদ্দিন (৩৫), মো. দ্বীন ইসলাম ও মনা (১৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছে, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা ওই মূর্তি বিদেশে পাচারের জন্য নিজেদের কাছে রেখেছিল। কষ্টিপাথরের হস্তনির্মিত মূর্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল তারা।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মুকুল হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের আদেশ দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।








