রাজধানীর মিরপুরে শিশু সানমুন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রনিকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশে মুখপাত্র ওয়ালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
গত ১৫ ডিসেম্বর শিশু সানমুন নিখোঁজ হয়। পরে তার সৎচাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজায়। তারা সানমুনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকাও তারা নিয়েছে। এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন। তদন্তে অপহরণের সঙ্গে সানমুনের সৎচাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পাওয়া যায়।
এ মামলায় এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অপর তিন আসামি রিমান্ডে।








