বিভিন্ন গাড়ির পুরাতন টায়ার, প্লাস্টিকের দানা, পোড়া মবিলের সঙ্গে জ্বাল দিয়ে প্রতিষ্ঠিত নামিদামি কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করতো একটি চক্র। সিআইডির অভিযানে নকল মবিল তৈরির সরঞ্জামসহ ১৩০০ লিটার নকল মবিল জব্দ করাসহ এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় নকল মবিল বিক্রির ৭ লাখ টাকাও জব্দ করেন তারা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর আড়াবাড়ী এলাকার মামুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই নকল মবিল তৈরির কারখানাটির সন্ধান পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা বলেন, গ্রেফতারকৃতরা সিআইডিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মামুন মিয়ার এই নকল মবিল তৈরি কারখানায় কর্মচারী হিসেবে কাজ করছেন। মামুন মিয়ার একতলা একটি ভবনের দু’টি কক্ষে এই নকল মবিল তৈরির কারখানা। কারখানাটি বেশ বড়। এখানে বিভিন্ন ধরনের রাবার, পুরাতন টায়ার ও প্লাস্টিকের দানার সঙ্গে ব্যবহার করা পোড়া মবিল জ্বাল দিয়ে তারা এই নকল মবিল তৈরি করে আসছিল। নানা নামি কোম্পানির লেভেল বোতলে লাগিয়ে ঢাকার বাইরে বিভিন্ন গ্যারেজে মবিল বিক্রি করে। এছাড়া মহাসড়কের পাশে মবিল বিক্রির দোকানে স্বাভাবিক দামের তুলনায় কম দামেও এই মবিল বিক্রি হত।
তিনি বলেন, কারখানার মালিক মামুন মিয়াসহ এ চক্রের আরও কয়েক জন পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।








