রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় ৩৭তম বিসিএসের আনসার কর্মকর্তা রোমানা ইয়াসমিন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
অন্যদিকে, লালবাগ থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি জানার পর, থানা পুলিশের একটি টিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করছে। এখনও এ বিষয়ে তারা কিছু জানাননি। এ নিয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’








