হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাইফ জ্যাকেটের বাক্স থেকে ২২টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার (২৮ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এই বারগুলো পেয়েছেন। কাস্টমস গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তারা বলছেন, সোনা চোরাচালানের একটি তথ্য পান কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দাদের জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৪৮) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে ওই বিমানে তল্লাশি করা হয়। এসময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২২টি সোনা বার জব্দ করা হয়. যার ওজন ২ দশমিক ৫৫২ কেজি। কাস্টমস গোয়েন্দারা জানান, উদ্ধার করা সোনার দাম আনুমানিক এক কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।








