গণপরিবহনের নানা অনিয়মের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নতুন সড়ক পরিবহন আইনে ৭৪টি মামলায় এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি এক দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার সায়দাবাদ, হেমায়েতপুর, রামপুরা, উত্তরা, মতিঝিল, তেজগাঁও, বিআরটিএ মিরপুর এবং চট্টগ্রাম মহানগরীর চকবাজার ও আগ্রাবাদ এলাকায় এসব আদালত পরিচালিত হয়।
বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন শাহিনের নেতৃত্বে পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নগরীর রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজী। তার আদালত বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলমের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মিরপুর বিআরটিএ এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ১ জন দালালকে কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে বন্দর নগরী চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরী। তার আদালত বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।








