রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন থেকে সম্পূর্ণভাবে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদ করতে সক্ষম হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তৃতীয় দিনের মতো অভিযানে আসেন ডিএনসিসির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
সরেজমিনে অভিযান চলাকালীন দেখা যায়, কোনও অবৈধ স্থাপনা বা গাড়ি পার্কিং ছিল না। মাঝামাঝে একটি দু’টি করে সাইকেল চলছিল লেন ধরে। ১০ মিনিট ঘুরে ফিরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করতে এসে কোনও অবৈধ স্থাপনা বা পার্কিং কিছুই পাইনি। সাইকেল লেন পরিষ্কার। এটা ধরে রাখতে আমাদের সচেতনতা আরও বাড়াতে হবে। মানুষকে জানাতে হবে এটা সাইকেল লেন। আমরা এই লেনের দিকে নজর রাখবো।’
সাইকেল লেনের বিষফোঁড়া পুলিশ বক্স নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’এ একাধিক সংবাদ প্রকাশ হলে। এরপরই পুলিশ বক্সটি সরিয়ে ফেলা হয়। তার আগের দিন রবিবার (২৭ ডিসেম্বর) প্রথম দিনে অভিযানে এসে এই ম্যাজিস্ট্রেট সাইকেল লেনে অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেন।








