হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহম্মদ শফীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।
পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘হেফাজতে ইসলামের আমির উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ-আহম্মদ শফীকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর আগে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের দিয়ে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তড়িঘড়ি করে হাটহাজারী মাদ্রাসার নতুন কমিটি করে বিভিন্ন পদ বিতরণ করা হয়েছে। কিন্তু আহম্মদ শফী হুজুরের কোনও সন্তানকে মাদ্রাসা প্রতিষ্ঠানে রাখা হয় নাই। তাতে কী বোঝা যায়?’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আল্লামা আহম্মদ শফী সাহেব হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।’
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিষদের মহাসচিব মাওলানা শাহ মো. ওমর ফারুক, কাজী মাওলানা মো আবদুল কাইয়ুম, হাফেজ মো. আবদুল আজিজ, মাওলানা মো. হারুনুর রশিদ, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মো. ইউনুস, মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদী প্রমুখ।









