ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ‘ঢাকাবাসী’ নামে একটি সংগঠনের ব্যানারে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১১ জানুয়ারি) আদালতে দুটি মিথ্যা মামলার আবেদন করা হয়েছে। অবিলম্বে এ মামলার আবেদন খারিজ করে দিতে হবে। যারা ষড়যন্ত্র করছেন রাজপথে তাদের মোকাবিলা করা হবে।
মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলীসহ পুরান ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে রায় সাহেব বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।








