রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মাদক আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী এই তারিখ ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মিয়া প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত,গত ২২ নভেম্বর মনিরের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। ওই দিনই এসব মামলায় তাকে ১৮ দিনের রিমান্ডে দেওয়া হয়। সর্বশেষ গত ৩ ডিসেম্বর তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘেরাও করে র্যাব। ২১ নভেম্বর সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন গোল্ডেন মনির।









