চলতি মাসে ঢাকায় উদ্বোধন হতে যাচ্ছে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের যৌথ দূতাবাস। গত জুলাই মাসে গুলশানের বে এডজওয়াটার ভবনে তিন দেশের এই যৌথ দূতাবাসের স্থাপন সম্পন্ন হলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।
ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগল এসকজার বাংলা ট্রিবিউনকে জানান, পৃথিবীর অন্যান্য দেশ যেমন জার্মানিতেও তাদের যৌথ দূতাবাস আছে। নরডিক অঞ্চলের তিনটি দেশের ভাষা, সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের কর্মকাণ্ডের মিল আছে। যৌথভাবে আমরা বেশি শক্তিশালী হব এবং যৌথভাবে আমরা বাংলাদেশের জন্য বেশি করে কাজ করতে পারব।
বাংলাদেশে এটি কোনও একাধিক দেশের দ্বিতীয় যৌথ দূতাবাস। এর আগে ২০১৫ সালে জার্মানি ও ফ্রান্স ঢাকায় যৌথ দূতাবাস উদ্বোধন করে।
টেকসই প্রবৃদ্ধি ও জলবায়ু সহায়ক কর্মকাণ্ড নরডিক দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এবং তারা এ বিষয়ে বাংলাদেশকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।
ড্যানিশ রাষ্ট্রদূত বলেন, এ তিনটি দেশ এক্ষেত্রে অনেকদূর অগ্রসর হয়েছে এবং আমরা আমাদের সফলতা বাংলাদেশের সঙ্গে ভাগ করতে চাই।
উল্লেখ্য, যেসব দেশ বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতি দিয়েছে নরডিক দেশগুলো তাদের মধ্যে অন্যতম। ডেনমার্ক ১৯৭২ সালে বাংলাদেশে তাদের দূতাবাস খোলে এবং বাংলাদেশ ২০১৫ সালে ডেনমার্কে তাদের দূতাবাস উদ্বোধন করে।
নরওয়ে ১৯৭২ সালে ঢাকায় তাদের দূতাবাস স্থাপন করে এবং ১৯৭৪ সালে থেকে এখন পর্যন্ত তারা বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে।
/এসএসজেড/এসএম/এফএ/








