কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি উদ্দেশ্যেপ্রণোদিত উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি৷ তাদের মতে, স্বাধীনতাবিরোধী শক্তির ক্রীড়নক হিসাবে কাজ করছে আল জাজিরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়৷
এতে বলা হয়, সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কর্তৃক ‘অল দ্য প্রাইম মিনিস্টার মেন’ শীর্ষক প্রচারিত ভিডিওচিত্রে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার সম্পর্কে মনগড়া তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটা কাঙ্ক্ষিত যে, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে সংবাদ প্রচার করবে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার নামে আল জাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংবাদ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও যথাযথ প্রমাণভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আল জাজিরার প্রচারিত তথ্যচিত্রে কিছু ব্যক্তির বক্তব্য প্রমাণ ব্যতিরেকে মিউজিক ও স্পেশাল এফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে; যা উদ্দেশ্যপ্রণোদিত।
এ প্রতিবেদনে তথ্যের উৎস হিসেবে যাদের বক্তব্য প্রচার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার তোয়াক্কা না করা আল জাজিরার অভ্যাসে পরিণত হয়েছে। অনেক দিন ধরেই আল জাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে।
ঢাবি শিক্ষকরা আল জাজিরাকে তার একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান। একই সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।









