দেশের আইনজীবীদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া এ রিট দায়ের করেন। রিট আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে রিটকারী জানান।
রিটে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশে গত কয়েক বছরে ৬৭ জনের বেশি সংখ্যক আইনজীবী হত্যা, নির্যাতন, হামলা, অপহরণের শিকার হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে। আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা পরিচালনা ও শুনানি করতে হয়। যার ফলে কোর্ট রুম থেকে বের হয়েই আদালতের অফিসার তথা আইনজীবীরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন। বিভিন্ন সময়ে প্রতিপক্ষ বা তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী দ্বারা অমানুষিক ও বর্বর নির্যাতনের শিকার হয়ে থাকেন। এ অবস্থায় আইনজীবী সুরক্ষা আইন না থাকার কারণে সারাদেশের আইনজীবীদের সাংবিধানিক ও মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।
তাই রিট আবেদনে যে কোনও আইনজীবীর ওপর কোনও হামলা, মামলা, বর্বর নির্যাতনসহ যে কোনও বেআইনি আক্রমণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে।
পাশাপাশি রিট আবেদনে জুডিশিয়াল অফিসার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আইনজীবীরা আক্রান্ত হলে বা হয়রানি বা বর্বর নির্যাতনের সম্মুখিন হলে যথাযথ তদন্তের ক্ষমতা কমিটি বা কমিশনকে দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।









