জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর উমেশ দত্ত রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত ‘সুপ্রিম কোর্ট জাজেস কমিটি’র সভাপতি প্রধান বিচারপতির নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হাসেন, বিচারপতি জেবিএম. দ হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। শনিবার সকাল ১১টায় তারা কারাগার পরিদর্শন করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে বঙ্গবন্ধু এবং চার নেতা কারাগারের যে কক্ষগুলোতে ছিলেন সেই কক্ষগুলো ঘুরে দেখার পর প্রধান বিচারপতিসহ উপস্থিত বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিজাদুঘর পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারবৃন্দ।









