ঢাকার সাভারের ভার্কুতা ইউনিয়ন থেকে ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম মনির (৩৫) । সে ডিবি পরিচয়ে মাদক ব্যবসা করতো বলেও দাবি করেছে র্যাব।
সোমবার (১৫ ফেব্রুয়ারি)-র্যাব ২ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, র্যাবের কাছে বেশ কিছু দিন ধরে তথ্য আসছিল যে একদল মাদক ব্যবসায়ী ডিবির পরিচয় ব্যবহার করে সাভার এলাকার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করছে। র্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় সাভার থানাধীন ভার্কুতা ইউনিয়নের শ্যালমাশী দুদু মার্কেট এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় গ্রেফতার করে। ডিবি পরিচয়ের আড়ালে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করতো সে।
মূলত সে একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের ডিবির পোশাক ব্যবহার করে ভুয়া ডিবি সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায়ে পাশাপাশি মাদক ব্যবসা পরিচালনা করাই ছিল তার মূল কাজ। ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা হয়েছে এবং সম্প্রতি সে মাদকের মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়েছে।









