আবাসিক গ্যাস সংযোগ চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তোলা হয়েছে। দাবির পক্ষে সরকারের প্রচুর রাজস্ব আদায়, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও নিরুৎসাহিত করা এবং বেকার সমস্যা সমাধানের যুক্তি দেখানো হয়। শনিবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি এ দাবি তোলে।
সমিতির বক্তারা বলেন, আমরা ঠিকাদার মালিক সমিতির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন-নিবেদন করেছি। কিন্তু কোনও সুফল পাইনি। বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দফতর থেকে গ্যাস সংযোগ চালুর একটি বিজ্ঞপ্তি পেয়ে আমরা আশার আলো দেখছিলাম। কিন্তু দুঃখের বিষয় অজ্ঞাত কারণে বিজ্ঞপ্তি প্রদানের কয়েকদিন পরে আবারও গ্যাস সংযোগ বন্ধের ঘোষণা আসে। আমরা হাজার হাজার কর্মজীবী গ্রাহকদের নিকট হতে কাজের বিনিময়ে চুক্তিকৃত টাকার মাধ্যমে ঠিকাদারি করে থাকি এবং ওই টাকা দিয়েই আমাদের সংসার চলে।
‘বর্তমানে অনেক ঠিকাদান কর্মহারা হয়ে পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে আছেন। নতুন গ্যাস সংযোগ বন্ধের পর রান্নাঘর বর্ধিতকরণসহ বেশ কিছু কাজের দ্বারা কোনোরকমে আমরা ঠিকাদারি কাজ করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু রান্নাঘর বর্ধিতকরণ কাজগুলো কোনও বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। ফলে ঠিকাদারবৃন্দ গ্রাহকদের সঙ্গে চুক্তিকৃত কাজের সমাধান করতে না পেরে অনেক গ্রাহকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঝগড়া-ঝাটির মধ্যে জড়িয়ে কষ্টের মধ্যে আছেন’ বলেন সমিতির নেতারা।
বক্তারা আরও বলেন, ‘কর্মজীবনের একটি ধারাবাহিকতা হঠাৎ করে কোনও নোটিশ বা বিজ্ঞপ্তি না দিয়ে বা কোনও সময় নির্ধারণ না করে, আকস্মিকভাবে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় ঠিকাদারদের অবস্থা খুবই নাজুক অবস্তায় উপনীত হয়েছে। যে পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে তা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে গ্যাসের চাপের স্বল্পতা অনেকাংশেই কমে যাবে। তাই সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে আবাসিক খাতে সামান্য ৮-১০ শতাংশ পরিমাণ গ্যাস চালু করার জন্য এবং করোনাভাইরাসের মতো বিধ্বস্ত অবস্থার মধ্যে না খাওয়া মানুষের একটু বাঁচার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাহকবৃন্দ ও ঠিকাদারদের পক্ষে গ্যসংযোগ চালুর জন্য তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি জোর দাবি জানাচ্ছি।
সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. জাকির খান ও সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
/বিআই/আইএ/









