পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ আয়োজিত ‘পালাগানের আসর’ অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই পালাগানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পী জালাল সরকার ও তার দল এবং শিল্পী সোনিয়া সরকার ও তার দল ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পালাগান পরিবেশন করেন।
পালাগানের আসর শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী ও নেতা-কর্মীরা বক্তব্য দেন। তারা বলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। উদীচী সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে মানুষের মুক্তির সংগ্রামে শামিল হয়ে শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গড়ে ওঠে। উদীচী কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, উদীচী একটি আন্দোলন, একটি চেতনার নাম। যে চেতনার মূলে মানুষ আর যে আন্দোলনের মূল লক্ষ্যই মানুষের জন্য একটি মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা।









