ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুনের ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে মোমেনা (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। এনিয়ে এই ঘটনায় চার জনের মৃত্যু হলো।
আবাসিক সার্জন আরিফুল ইসলাম নবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ রোগী হচ্ছেন- সেলিম (৫২), মনিরুল ইসলাম (৫০), রেখা (৩৫), এনামুল হক (৬৫), খন্দকার আব্দুর রশিদ (৬০), শাহিন আলম (৩২), সাহিদা(৫০), শহিদুল ইসলাম (৫৬), নজরুল ইসলাম (৬০)।
অসুস্থ করোনা রোগীদের বিষয়ে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক জানান, ভর্তি ১০ জনের মধ্যে দুই জন মোমেনা ও খন্দকার আব্দুর রশিদ গতকাল থেকে লাইফ সাপোর্টে ছিলেন। তাদের অবস্থা বেশি খারাপ। বিকালে মোমেনার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে থাকা যে সব রোগীরা ছিল তাদেরকে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, আগুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদেরকে দ্রুত তদন্ত করে এই সর্ম্পকিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন (যা করোনা রোগীদের জন্য নির্ধারিত ছিল) এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে তিন জনের মৃত্যু হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে নয়-তাদের মৃত্যু হয়েছে আইসিইউ থেকে স্থানান্তরের সময়। আজ আরও একজনের মৃত্যু হওয়ায়, মোট মৃত্যু এখন চার।/এআইবি/জেএ/এনএস/









