কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। সোমবার (২২ মার্চ) বিকালে উখিয়ার কুতুপালং বালুখালী এলাকার রোহিঙ্গা শিবিরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ইউএনএইচসিআর জানায়, প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
ব্র্যাক-এর পক্ষ থেকে ঘটনার পরপরই জরুরি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে যারা সেফ শেল্টারে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষকে বেসিক ফাস্ট এইড সার্ভিস প্রদান করছে। এছাড়াও ক্যাম্প ৮ই এবং ক্যাম্প ১৩ তে ব্র্যাক পরিচালিত প্রাইমারি স্বাস্থ্যসেবা সেন্টারগুলো পুরোপুরিভাবে সচল রাখার পাশাপাশি বালুখালী কাশেমিয়া হাই স্কুলে ১০-১২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছেন।
ব্র্যাক আরও জানায়, বালুখালি কাশেমিয়া হাই স্কুল মাঠে আশ্রয় নেয়া পরিবারগুলোর মধ্যে ব্র্যাক প্রতিনিধিরা ইতিমধ্যে ১১,৯০০ ফর্টিফাইড বিস্কুট প্যাকেট (৫৯৫ কেজি) এবং ৮০০০ লিটার খাবার পানি বিতরণ করেছেন। এছাড়াও ৫৫৬ জনকে দুপুর ও রাতের জন্য মোট ৮১৯ প্যাকেট রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জরুরি পানির প্রয়োজন মেটাতে ব্র্যাক-এর পক্ষ থেকে অক্সফামকে ৫৫০০ জেরিক্যান প্রদান করা হয়েছে এবং আরও ৮০০টি ক্যান বিতরণের জন্য মজুদ রাখা হয়েছে। নিরাপদ শেল্টার নিশ্চিত করার লক্ষ্যে এখন পর্যন্ত ৯৭৭টি তেরপল বিতরণ করা হয়েছে ও জরুরি আশ্রয় প্রয়োজন মেটাতে আরও ১০০০ টি তেরপল মজুদ রাখা হয়েছে।
ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির পরিচালক সাজেদুল হাসান বলেন, ‘আমরা আশা করছি, সরকারের পাশাপাশি ব্র্যাকসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের কারণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলো দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ব্র্যাক ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে। আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে। নারী ও শিশুদের সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে।’








