বিদেশে ফেরত অভিবাসী এবং পাচারের শিকার নারী-শিশুদের প্রশিক্ষণ, দক্ষতা তৈরি ও টেকসই পুনরেকত্রীকরণের জন্য একসঙ্গে কাজ করবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং কৃষি বিপণন অধিদফতর। বুধবার (৩১ মার্চ) ঢাকার কৃষি বিপণন অধিদফতরের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্বাক্ষর শেষে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, কৃষি ও প্রবাসী আয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রবাসীদের কারণেই আজকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শক্তিশালী। কিন্তু বিদেশ ফেরত মানুষদের বিশেষ করে নারীরা ফেরত অসার পর খুব অসহায় থাকে। এই সমঝোতার মাধ্যমে আমরা ব্র্যাকের সঙ্গে মিলে যৌথভাবে বিদেশ ফেরত বা পাচারের শিকার মানুষগুলোকে প্রশিক্ষণ দিয়ে মার্কেটের সঙ্গে যুক্ত করে দিতে চাই।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে কৃষি বিপণন অধিদফতরের পরিচালক কাজী আবুল কালাম, প্রকল্প পরিচালক দেওয়ান আশরাফুল হোসেন, উপ-পরিচালক শাহনাজ বেগম, সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা এস এম আল জোবায়ের, তৌসিফ আহমেদ কোরেশী ও ওয়ান নাই উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী বিদেশ থেকে ফেরত আসা অভিবাসী এবং পাচারের শিকার নারী-শিশুদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকরণ কাউন্সিলিং, দক্ষতা বিকাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্যোক্তা তৈরিতে দুই প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করবে। এর আওতায় ফিরে আসা নারী-শিশু এবং বিদেশফেরত অভিবাসী কর্মীদের শনাক্তকরণ, চাহিদা নিরূপণ, ঋণ ও আর্থিক সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যবসা নির্বাচন এবং কর্মসংস্থান অথবা উদ্যোগের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।









